
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের অন্তর্ভুক্ত ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

জনসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলু, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আপনারা মোস্তফা ভাইকে চেনেন। আমি তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার দায়িত্ব নিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে।”
তিনি আরও বলেন, “প্রথম দফায় কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের জমির পরিমাণ অনুযায়ী সার ও উন্নত মানের বীজ পাবে। পাশাপাশি আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হবে।”
নারীদের কল্যাণের বিষয়ে তিনি বলেন, “মা ও বোনদের জন্য দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো মাসে দুই থেকে তিন হাজার টাকা সহায়তা পাবে। তাদের সন্তানরা বিনামূল্যে লেখাপড়া করতে পারবে এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।”
সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমিরুল ইসলাম খান আলীমকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জনসভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
