রবিবার, এপ্রিল ৫

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, এর আগে মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা ব্যবসা কার্যক্রম সচল রাখতে সময় বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ জানান। ব্যবসায়ীদের সেই আবেদন এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করার অনুমতি দিয়েছেন। তবে জরুরি সেবামূলক প্রতিষ্ঠানসমূহ এই সময়সীমার আওতামুক্ত থাকবে।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ব্যবসায়ীরা প্রয়োজনে সকালে দেরি করে দোকান খোলার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।

প্রতিমন্ত্রী দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হই, তবে বর্তমানের এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা আমাদের জন্য অনেক সহজ হবে। সরকার আশা করছে, এই পদক্ষেপের ফলে একদিকে যেমন জাতীয় গ্রিডে বিদ্যুতের চাপ কমবে, অন্যদিকে ব্যবসায়ীরাও তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *