
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত ৬ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের এই শপথ বাক্য পাঠ করান। এনসিপির নির্বাচিত সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবেই নয়, বরং ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন।
এনসিপি দলীয় সূত্রে জানা গেছে, দলের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ নিয়ে আজ সকাল থেকেই কিছুটা সংশয় কাজ করছিল। বিশেষ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির নির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও আইনি ও সাংবিধানিক অস্পষ্টতার অজুহাতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন। বিএনপির এই অবস্থানের প্রেক্ষাপটে এনসিপির নির্বাচিত প্রতিনিধিরাও প্রথমে শপথ না নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছিলেন।
একই কারণে আজ সকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কঠোর অবস্থান ব্যক্ত করা হয়েছিল। তবে দুপুর গড়াতেই পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের সদস্যরা সংসদ ও সংস্কার পরিষদ—উভয় ক্ষেত্রেই শপথ গ্রহণ করেন। জামায়াতের এই সিদ্ধান্ত পরিবর্তনের পরপরই এনসিপির নির্বাচিত ছয় সদস্য—নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মোজাহিদ সংসদ ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাদের শপথ গ্রহণ সম্পন্ন করেন।
রাজনৈতিক মহলে এনসিপি ও জামায়াতের এই দ্বৈত শপথ গ্রহণকে সংস্কার প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে।
