Wednesday, October 14

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক টাইগার কোচ অ্যালান ডোনাল্ড

|| স্পোর্টস ডেস্ক ||

বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্ব পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির আগামী আসরে জোবার্গ সুপার কিংসের নতুন বোলিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। দলটির প্রধান কোচ আলবি মর্কেলের সাথে সহযোগী হিসেবে যুক্ত হচ্ছেন ‘হোয়াইট লাইটনিং’ খ্যাত এই সাবেক ফাস্ট বোলার।

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর থেকে ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে আসছেন। বর্তমানে তিনি সেখানে লায়ন্সের বোলিং কোচের দায়িত্বে রয়েছেন। জোবার্গ সুপার কিংসের আগের কোচিং স্টাফে পরিবর্তনের কারণে তাঁর এই আগমন। আগের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্বে যুক্ত হওয়ায় আলবি মর্কেলকে প্রধান কোচ করা হয়। একই সাথে তৎকালীন বোলিং কোচ এরিক সাইমন্স ফ্লেমিংয়ের সাথে ইংল্যান্ড দলে যোগ দেওয়ায় তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ডোনাল্ডকে।

খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা ছাড়াও ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও বাংলাদেশের জাতীয় দলের কোচিং স্টাফে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কাউন্টি ক্রিকেট ও আইপিএলের বিভিন্ন দলেও তিনি কাজ করেছেন।

এদিকে নতুন মৌসুম সামনে রেখে মিনি নিলামে সর্বোচ্চ দামে তরুণ অলরাউন্ডার জেসন রোলসকে (২৯ লাখ র‍্যান্ড) এবং অভিজ্ঞ ব্যাটার ফাফ দু প্লেসিকে (২৭ লাখ র‍্যান্ড) দলে ভিড়িয়েছে জোবার্গ সুপার কিংস। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএ টোয়েন্টির ৫ম আসরে নতুন এই শক্তিশালী দল ও কোচিং প্যানেল নিয়ে মাঠে নামবে ফ্র্যাঞ্চাইজিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *