
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ঐতিহাসিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল হোসেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার পরিচালনায় সংসদীয় রীতি অনুযায়ী কণ্ঠভোটের মাধ্যমে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তার দীর্ঘ রাজনৈতিক ও সামরিক অভিজ্ঞতার আলোকে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। অন্যদিকে, তরুণ ও মেধাবী আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পাওয়ায় সংসদীয় কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত এই দুই কাণ্ডারীর হাত ধরে ত্রয়োদশ সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি তৈরি করবে—এমনটাই প্রত্যাশা করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।
