
|| নিজস্ব প্রতিবেদক ||
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয় থেকে তার নাম চূড়ান্ত করা হয়।
পরে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি রেজাউল করিম বাদশাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
তারেক রহমানের ছেড়ে দেওয়া এই গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্ধারে জেলা বিএনপির শীর্ষ নেতা রেজাউল করিম বাদশাকে বেছে নেওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, আগামী ৯ এপ্রিলের ভোটে ভোটাররা কাকে বেছে নেন।
