বুধবার, মার্চ ১৮

তানভীর আলম সজীবের কথা, সুর ও সংগীতায়োজনে ডুয়েট গাইলেন মাহমুদুল-সোনিয়া

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||

আসন্ন ঈদকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকের একটি মৌলিক রোমান্টিক গান ‘জীবন যখন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মাহমুদুল হাসান এবং মিরাজুল জান্নাত সোনিয়া।

মাহমুদুল হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এবং মিরাজুল জান্নাত সোনিয়া বেংগল পরম্পরার একজন স্কলার। দুজনই নজরুলের গানের শিল্পী হলেও এবারে ভিন্নধর্মী গানে কণ্ঠ দিয়েছেন। ইতোমধ্যে গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

গানটির কথা ও সুরে যেমন রয়েছে নতুনত্বের ছোঁয়া, তেমনি সংগীত আয়োজনে রাখা হয়েছে আধুনিকতার সমন্বয়। পুরো কাজটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন তানভীর আলম সজীব, যিনি একাধারে গানের কথা, সুর, সংগীত আয়োজন, চিত্রধারণ এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। ফলে গানটিতে একটি একক দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট ছাপ পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি শুধু একটি রোমান্টিক গান নয়, বরং অনুভূতির সূক্ষ্ম প্রকাশ এবং ভিজ্যুয়াল উপস্থাপনায় ভিন্নতা আনার একটি প্রয়াস। গানটির চিত্রায়ণ দর্শকদের আবেগের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করবে। নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের সাথে কথা বলে জানা গেছে ইতিমধ্যেই গানটির ভিডিও নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঈদ উৎসবকে ঘিরে প্রকাশিত এই গানটি শ্রোতা-দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। খুব শিগগিরই গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *