Tuesday, August 18

তানজিমুল উম্মাহ মাদরাসা আধুনিক ও যুগোপযোগী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত: এস এম জাহাঙ্গীর

|| গাজীপুর প্রতিনিধি ||

মাদরাসা শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তানজিমুল উম্মাহ মাদরাসা বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, “ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলছে তানজিমুল উম্মাহ মাদরাসা। মাদরাসায় পড়াশোনা করেও যে বিশ্বমানের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া সম্ভব, এ প্রতিষ্ঠান তার উজ্জ্বল উদাহরণ।”

সোমবার (১৭ আগস্ট) তানজিমুল উম্মাহ আলিম মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানজিমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এবং তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসবাউল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. শাহজাহান আল মাদানী, দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ ছাদেক হাসান, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, “মাদরাসা শিক্ষা ও সাধারণ শিক্ষা—দুই ধারার শিক্ষাকেই এগিয়ে নিতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশের মডেল বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করছে, যা আমাদের সবার জন্য গর্বের বিষয়। তবে শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।”

সভাপতির বক্তব্যে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল বলেন, “কুরআন-সুন্নাহর শিক্ষার সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয় ঘটিয়ে একটি যোগ্য, নৈতিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। দ্বীনি মূল্যবোধের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাক্ষেত্র, প্রতিযোগিতা ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী কয়েক শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে শিক্ষার্থীদের সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *