Wednesday, September 23

তাড়াইলে রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ৩য় বার্ষিক মাহফিল

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইলে বোররগাও পশ্চিমপাড়া ‘ইতালি ভবন’ সংলগ্ন রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই দ্বীনি মহাসভা অনুষ্ঠিত হয়।

মাহফিলকে কেন্দ্র করে তাড়াইল উপজেলায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে, যা স্থানীয় পর্যায়ে এক বিরল ও অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। মাহফিলে আগত সর্বস্তরের তাউহিদী জনতার জন্য তাবাররুক ও খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়।

অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, একক পৃষ্ঠপোষক ও বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ জুবায়ের আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ও সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষের কাছ থেকে কোনো প্রকার চাঁদা বা কালেকশন ছাড়া সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এত বড় আয়োজনের বিষয়টি এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে কুরআন প্রতিযোগিতার মধ্য দিয়ে ওয়াজ মাহফিলের সূচনা হয়, বয়ান চলবে একটানা রাত্র ৯ পর্যন্ত। এই ঐতিহাসিক সভায় দেশবরেণ্য ও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ তাত্ত্বিক বয়ান পেশ করেন। মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী। এছাড়াও পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে বিশেষ বয়ান পেশ করবেন প্রখ্যাত মোফাচ্ছিরে কুরআন মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা সিবগাতুল্লাহ নূর এবং মুফতি আব্দুল্লাহ সাহেব, আল্লামা শফিকুর রহমান জালালাবাদী।

মাহফিলে উপজেলার শতাধিক স্থানীয় আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

৯ জন হাফেজাদের মধ্যে নয়টি আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব জুবায়ের আহমেদ।

মাদ্রাসার মুহতামিম মাওলানা অলিউল্লাহ জানান, নারী শিক্ষার বিস্তার এবং পবিত্র কুরআনের হাফেজা তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলটি প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সুশৃঙ্খলভাবে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাহফিল প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছে। গভীর রাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *