
|| নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ মোট পাঁচটি সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রবিবার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম চূড়ান্ত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনে মোবাশ্বের আলি, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আব্দুল রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট মুরাদ মিয়াকে এনসিপির পক্ষে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম স্পষ্ট জানান, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
অনুষ্ঠানে দলটির সদস্য সচিব আখতার হোসেন ৫ দফা দাবি উত্থাপন করে বলেন, আগামী ৬ মাসের মধ্যে স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচন সম্পন্ন করতে হবে এবং নতুন করে কোনো জেলা পরিষদ বা পৌর মেয়র প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। এছাড়া যারা বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা সংশ্লিষ্ট সিটিতে প্রার্থী হতে পারবেন না এবং নির্বাচনের অধ্যাদেশ অনুযায়ী দলীয় মার্কার ব্যবহার বন্ধ রাখার দাবি জানান তিনি।
ইশতেহার হতে হবে সম্পূর্ণ জনকল্যাণমুখী—এমন প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
