রবিবার, মে ১৭

ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

|| নিজস্ব প্রতিবেদক ||

হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্ত এবং সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের ২৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
আজ রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়, হামের টিকাদান কর্মসূচি বাতিলের মতো স্পর্শকাতর সিদ্ধান্তটি একটি ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে বিবেচিত হতে পারে। এই সিদ্ধান্তের পেছনে ড. ইউনূসসহ তৎকালীন সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে, তদন্তের স্বার্থে ড. ইউনূসসহ সাবেক ২৪ জন উপদেষ্টার বিদেশ গমনে নিষেধাজ্ঞারও আবেদন জানানো হয়েছে রিটে।

মামলার বিবাদী হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, এর আগে একই বিষয়ে পদক্ষেপ নিতে আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। তবে সেই নোটিশের কোনো জবাব বা ইতিবাচক সাড়া না পাওয়ায় তিনি জনস্বার্থে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য এই রিট আবেদনটি দায়ের করেন। চলতি সপ্তাহেই হাইকোর্টের একটি বেঞ্চে বিষয়টির ওপর শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *