
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার খালিশপুর থানাধীন ৬ নম্বর ঘাট এলাকা থেকে ট্রলারযোগে অপহরণের শিকার হওয়া শুভ সাহার কোনো সন্ধান চার দিন পার হলেও মেলেনি। এ ঘটনায় এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে ৬ নম্বর ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে চা খাওয়ার সময় শুভ সাহাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ট্রলারে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন ৪ ফেব্রুয়ারি খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও মামলা হিসেবে তা গ্রহণ করা হয়নি।
এরই মধ্যে ৫ ফেব্রুয়ারি শুভ সাহার পরিবারের সদস্যদের কাছে ফোন করে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা জানায়, দাবি করা টাকা না দিলে শুভকে হত্যা করে রূপসা নদীতে লাশ ফেলে দেওয়া হবে।
অপহরণের চার দিন পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি না হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে শুভ সাহার পরিবার। প্রিয়জনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তারা।
এ বিষয়ে খালিশপুর থানা পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে পরিবার দ্রুত শুভ সাহাকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
