বুধবার, এপ্রিল ১৫

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে তেলের ব্যবহার কমাতে সরকারি কর্মকাণ্ডে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের অপচয় রোধ করা এবং একই সঙ্গে সরকারি কাজ নিরবচ্ছিন্ন রাখা জরুরি। এই লক্ষ্য অর্জনে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে যাতায়াত পরিহার করতে বলা হয়েছে। এর বদলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে অনলাইনেই এসব কার্যক্রম পরিচালনার তাগিদ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, একান্ত প্রয়োজন ছাড়া কোনোভাবেই সশরীরে সভার আয়োজন করা যাবে না। বিশেষ করে যানবাহনের জ্বালানি সাশ্রয় করাকে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি সকল দপ্তরকে এই সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালন করার জন্য চিঠিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *