
|| নিজস্ব প্রতিবেদক ||
ব্যক্তিগত ও আত্মিক পরিশুদ্ধি অর্জন এবং ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের বিরাজমান সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। তিনি বলেন, “আমাদের রাহবার মওলানা মুহাম্মদ আব্দুর রহীম (রহ.) বলে গেছেন—একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই। এ লক্ষ্য অর্জনে জ্ঞান-বিজ্ঞান চর্চা, আধ্যাত্মিকতা ও দ্বীনের জন্য আত্মত্যাগের মাধ্যমে প্রত্যেক কর্মীকে নৈতিকভাবে সুদৃঢ় হতে হবে।”
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকার পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ‘তা’লীম-তারবিয়াত ও শব বেদারি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া আরও বলেন, “জ্ঞান চর্চা ও ইলম অর্জনের পাশাপাশি ইলমের অহংকার নির্মূলের জন্য আধ্যাত্মিকতা অর্জন জরুরি। আর এই আধ্যাত্মিকতা অর্জনে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক ও আওয়াবিনের নামাজের ওপর গুরুত্ব দিতে হবে। সেই সাথে দ্বীনের দাওয়াতি ও সাংগঠনিক কাজে বাধা আসলে পরিবার, আত্মীয়-স্বজন কিংবা বন্ধুদের বিষয়টি বুঝিয়ে অর্থ, সময় ও জান কুরবানী দিয়ে হলেও ইসলামী বিপ্লবের পথ সুগম করতে হবে।”
ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রারম্ভিক দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ ও মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞা। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, উত্তরের নায়েবে আমীর মাওলানা কবি মুহাম্মাদ ওবায়দুল্লাহ এবং দক্ষিণের নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাতব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে দারসুল কুরআন, আমল চর্চা, রাত ৩টা থেকে নৈশ ইবাদত এবং ফজর নামাজের পর দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।
