
জুলাই সনদে ইসলাম উপেক্ষিত একমাত্র ইসলামী সনদেই দেশ ও জাতির মুক্তি _অধ্যাপক মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও সর্বস্তরের তৌহিদী জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানকে সুরক্ষার জন্য প্রণীত জুলাই সনদে ইসলামকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে ধোঁকাবাজির মাধ্যমে। বাস্তবিকই জুলাই সনদ শুভংকরের ফাঁকি। এতে ইসলাম ও মুসলমানদের কিছু নেই। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ এ শূন্যতার বিষয়টি কোনভাবেই বুঝতেও পারলেন না এবং দেশ ও জাতির সামনে উপস্থাপনাও করতে পারলেন না। অথচ সেই জুলাই সনদকেই রাষ্ট্রীয়ভাবে আইনসিদ্ধ করার জন্য ইসলামী সংগঠনগুলো হরদম ফিকির করে যাচ্ছেন। অথচ দরকার ছিল ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লব সংঘটিত করার ক্ষেত্র তৈরি করা। তাই ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক অঙ্গনে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের ইসলামী ঐক্য আন্দোলনের যে আহ্বান,তা গুরুত্বের সঙ্গে ধারণ করার জন্য ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও দেশবাসীর প্রতি উদাত্ত্ব আহ্বান। তিনি সম্প্রতি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, গানের শিক্ষক নয়, প্রাইমারি স্কুলে অবিলম্বে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। দেশের সকল এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করত: দেশের প্রতিটি গ্রামে একটি করে এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করার জোর দাবী জানান। অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া সম্প্রতি মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরানের উপর সম্পূর্ণ অন্যায় ভাবে যুদ্ধ চাপিয়ে দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে ইসলামী ইরানের বিজয় কামনা করে বলেন ইহুদীবাদী সন্ত্রাসী ইসরাইল ও আমেরিকার অতিসত্বর পতন ঘটবে ইনশাআল্লাহ ।তিনি অবিলম্বে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সকল ঘাঁটি প্রত্যাহারেরও আহ্বান জানান।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯ টায় কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দারসুল কুরআন পেশ করেন আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিব্বুল্লাহ ভূঞা। বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ নাছির, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, ঢাকা দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানসহ জেলা শাখাসমূহ থেকে আগত সম্মানিত শূরা সদস্যগণ। অধিবেশনে আগামী ৪ মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়।
