
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
‘জুলাই জাতীয় সনদ’-এর বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
সনদটিকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আবেদনকারী আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
উল্লেখ্য, এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত সেই গণভোটের ফল বাতিল চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টে আরও একটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে ওই আবেদনটি করেছিলেন। আজ নতুন করে জুলাই জাতীয় সনদের বিরুদ্ধে রিট হওয়ায় বিষয়টি নিয়ে আইনি মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
