
|| নিজস্ব প্রতিবেদক ||
শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে তালমিলিয়ে ২০২৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই নতুন সময়সূচি ঘোষণা করেন। মন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। ইতোমধ্যে পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে এবং তা দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
শিক্ষার গুরুত্বপূর্ণ সময় সাশ্রয়ের বিষয়ে গুরুত্বারোপ করে ড. মিলন বলেন, বর্তমানে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। একজন শিক্ষার্থীর ১৮ বছর বয়সে এইচএসসি শেষ করার কথা থাকলেও সেশনজটের কারণে তা ২০ বছর পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। এই ব্যবধান কমিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, ভবিষ্যতে ডিসেম্বর মাসকে পরীক্ষার মাস হিসেবে গণ্য করার পরিকল্পনা রয়েছে, যাতে জানুয়ারি থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু করা যায়।
বিদেশে উচ্চশিক্ষার আবেদনের সুবিধার্থে এইচএসসি পরীক্ষা জুন-জুলাইয়ের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ফল প্রকাশের দুই মাসের মধ্যে যাতে উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া শুরু হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
কোচিং সেন্টার বন্ধের প্রশ্নে মন্ত্রী শ্রেণিকক্ষে পাঠদানকে আরও কার্যকর করার ওপর জোর দেন। তিনি বিশ্বাস করেন, পরীক্ষা ও ভর্তির মধ্যবর্তী সময় কমিয়ে আনলে এবং ইন-হাউস টিচিং শক্তিশালী করলে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা এমনিতেই ফুরিয়ে আসবে। এছাড়া শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ার অভ্যাস বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সরকার কাজ করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
