
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে সবাই বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকবে।
গতকাল রবিবার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী সদর ও পলাশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সফরকালে মন্ত্রী পাঁচদোনা শ্রী শ্রী হরি মন্দির ও পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন এবং নিজস্ব তহবিল থেকে মন্দিরগুলোতে অনুদান প্রদানের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।
পূজামণ্ডপে উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অন্যায়, জুলুম ও অত্যাচার দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার যে শিক্ষা দুর্গোৎসবের মূল বার্তা, তা কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি ও সামাজিক জীবনেও ধারণ করা প্রয়োজন। বিশেষ করে নরসিংদী অঞ্চল সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে আসছে মন্তব্য করে তিনি ভবিষ্যতেও শান্তিপূর্ণ সহাবস্থানের এই ধারা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পলাশ উপজেলার মানুষের সঙ্গে দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে ড. মঈন খান আশ্বাস দেন যে, ওই অঞ্চলের মন্দিরসহ সামগ্রিক সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
