Tuesday, August 18

চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ ও স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।

আলোচনা সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষের ভূমিকা এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার নানা দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।

বক্তারা বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে পুরোপুরি বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা এবং দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন।”

সভায় কিশোর-কিশোরীদের মানসিক চাপ, হতাশা, পারিবারিক ও সামাজিক নানা বিষয়ে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং প্রয়োজনীয় সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে নদীবেষ্টিত ও দুর্গম চরাঞ্চলের কিশোর-কিশোরীদের পড়াশোনা অব্যাহত রাখা ও তাদের সুরক্ষায় স্থানীয়ভাবে সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *