
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারীতে খেরুয়ার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে আরও অন্তত ৯-১০ জন গুরুতর আহত হন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও একটি বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চর (গোয়ালের চর) নয়াব আলী বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হুরমুজ আলী ওই ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়ারহাট এলাকার বাসিন্দা সেলিম মেম্বার ও তোতা মিয়ার সমর্থিত পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছিল। সম্প্রতি মামলার রায় সেলিম মেম্বারের পক্ষে আসে বলে স্থানীয়রা জানান। আদালতের রায়ের পর বৃহস্পতিবার সকালে সেলিম মেম্বারের পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে তোতা মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও চাষের ট্রাক্টর নিয়ে হামলা চালায়।
এ সময় দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষের চালানো ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হুরমুজ আলী ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আহতদের মধ্যে দুইজনের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ জানান, জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ১ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত ঢুষমারা থানা পুলিশ মোতায়েন রয়েছে।
