শনিবার, এপ্রিল ১১

চিলমারীতে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান ও জরিমানা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি ভাটায় ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট (ফসলি জমির টপ লেয়ার কেটে নেয়া) , আবাদি জমিতে ফসলের বিপর্যয়, বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয়ের কারণ।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, চিলমারীর কিষামতবানু এলাকার মেসার্স ওয়ারেস ব্রিকসে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মৌজাথানা এলাকার মেসার্স এসএন ব্রিকসে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৬ লাখ ৫০ হাজার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১৩, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অংশ নেন।
অভিযান ও জরিমানা সত্ত্বেও ইটভাটা দুটিতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, বায়ুদূষণ রোধ ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *