বৃহস্পতিবার, মে ২১

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, সহকারী অধ্যাপক (এনেস্থিসিয়া-ইনসিটু) ডা. আশরাফুল ইসলাম এবং মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ।

বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হবে। চিকিৎসকদের ওপর হামলার মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসকরাই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। হামলায় গুরুতর আহত ওই চিকিৎসক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *