
|| খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গলপাড়া এলাকায় গুলিতে নিহত তিন যুবকের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তবে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও অপর দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গত ৬ জুলাই মধুমঙ্গলপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত হন। নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তি হলেন রিয়েল চাকমা (পিতা: রুপায়ন চাকমা)। তিনি উপজেলার ৩ নম্বর পানছড়ি ইউনিয়নের আলীচান কার্বারিপাড়ার বাসিন্দা। নিহতের ছোট বোন রেসি চাকমা তার পরিচয় নিশ্চিত করেছেন।
ময়নাতদন্ত শেষে রিয়েল চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর দুইজনের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের মরদেহ এখনো খাগড়াছড়ি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, অজ্ঞাত দুই নিহতের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে কয়েকটি নাম-পরিচয় পাওয়া গেলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
তিনি বলেন, নিহতদের স্বজনরা সঠিক নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ নিয়ে পানছড়ি থানায় যোগাযোগ করলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ৬ জুলাই পানছড়ির মধুমঙ্গলপাড়া এলাকায় সশস্ত্র হামলায় তিন যুবক নিহত হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
