
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪৮) নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত খায়রুল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, খায়রুল ইসলাম নিজ গোয়াল ঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের গাছ বাগানে যান। এ সময় পা পিছলে একটি ঝুলন্ত বৈদ্যুতিক তারে তার হাত লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালে আনার পথেই খায়রুল ইসলামের মৃত্যু হয়। পরে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
