বৃহস্পতিবার, জুন ২৫

গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সলঙ্গায় যুবদলের প্রতিবাদ সমাবেশ

|| আখতার হোসেন হিরন |সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সলঙ্গা থানা শাখা।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সলঙ্গা থানা যুবদলের আয়োজনে বাজারের ধানহাটা এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহিন রেজার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। এছাড়া আরও বক্তব্য রাখেন থানা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, মিজানুর রহমান, মেহেদী হাসান আমজাদ, সেলিম এলাহি, তারেক মাহমুদ, সোহেল রানা ও রাসেল আহমেদসহ অনেকে।

সভাপতির বক্তব্যে রাশেদুল হাসান পাপন বলেন, বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুবদল রাজপথের সংগঠন। অতীতেও সব ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করা হয়েছে এবং এবারও অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে যুবদল প্রস্তুত রয়েছে।

সমাবেশে সদস্য সচিব শাহিন রেজা বলেন, সলঙ্গা থানা যুবদলের নেতাকর্মীরা বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে রাজপথে থেকে সব ষড়যন্ত্রের মোকাবিলা করেছে। স্বৈরাচার আওয়ামী লীগের লোকজন আগামী দিনে যেকোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করতে থানা যুবদলের সব নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রতিবাদ সমাবেশ ও মিছিলে সলঙ্গা থানার ছয়টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *