
|| নিজস্ব প্রতিবেদক ||
গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বকে সামনে রেখে গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ -এর উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নিজাম উদ্দিন তরফদার, মো. সোহেল রানা, বাশির আহমদ এবং প্রতিষ্ঠানের পরিচালক মো. খয়ের আহমদ, মো. সিরাজ উদ্দিন চৌধুরী এবং মো. শফিক আহমদ।
অনুষ্ঠানের ২য় পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় যা উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি স্মরণীয় অনুষ্ঠানে পরিণত হয়।
