মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪

খুলনার নিউমার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারে আগুন; দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর শপিং সেন্টার-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোবাইল ও ইলেকট্রনিকস সামগ্রীর অন্তত ১০ থেকে ১২টি দোকান আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আসা ইউনিটগুলো প্রায় দেড় থেকে দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ডাম্পিং কার্যক্রম চলাকালে রাত পৌনে ২টার দিকেও মার্কেটের কিছু অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, মার্কেটের ভেতরে ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার ছড়িয়ে ছিল। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থারও ঘাটতি ছিল।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে অন্তত দুটি দোকানে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। একটি দোকানের মালামাল পুরোপুরি পুড়ে গেছে বলে জানা গেছে। মার্কেটের সামনের অংশে বিদ্যুতের লাইন ও ইন্টারনেট সংযোগের তারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *