
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
আজ মঙ্গলবার (১০ মার্চ) খুলনার খালিশপুরের হাজী শরীয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।
মূল অনুষ্ঠানটি ঢাকা থেকে অনলাইনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের ১৪টি জায়গায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে। আজ সারা দেশে মোট ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগী এই কার্ড পাচ্ছেন। স্বচ্ছতা নিশ্চিত করতে পিএম স্কোরিং পদ্ধতির মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত নারীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার ২৩ দিনের মাথায় নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করল। জুনের বাজেটের পর এই কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে।
তিনি আরও বলেন, খুলনাকে আধুনিক শিল্প নগরী হিসেবে গড়ে তোলা সরকারের লক্ষ্য। মিল-কারখানা পুনরায় চালুর পাশাপাশি এলাকাটি যেন মাদক ও সন্ত্রাসমুক্ত থাকে, তা নিশ্চিত করা হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, ফ্যামিলি কার্ড ছাড়াও ভবিষ্যতে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ইমাম ও পুরোহিতদের সহায়তার ব্যবস্থা করা হবে। ব্যক্তি স্বার্থের চেয়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।
১০ নম্বর ওয়ার্ডে মোট ৫ হাজার ২৭৫ জন উপকারভোগীর তালিকায় আজ প্রথম ধাপে ৪ হাজার ১৫৮ জনের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের কার্ড দেওয়া হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
