সোমবার, ফেব্রুয়ারি ৯

খুলনা–২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর গণসংযোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা—২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের ত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদ সহযোদ্ধাদের রক্তের দায় আমাদের সবাইকে শোধ করতে হবে। একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় তিনি ২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই মোড় ও পূর্ব বানিয়াখামার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। পরে সকাল সাড়ে ১০টায় ১৯ নম্বর ওয়ার্ডের পৈপাড়া ও পশ্চিম বানিয়াখামার এলাকায় এবং বেলা সাড়ে ১১টায় ২৮ নম্বর ওয়ার্ডের টুটপাড়া সেন্ট্রাল রোডসহ আশপাশের এলাকায় গণসংযোগ চালান।

এ সময় তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে দলটির রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তা বিএনপিরই রয়েছে। বিএনপির পক্ষেই দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, কেএম হুমায়ুন কবির, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, নাসির উদ্দিন, এডভোকেট মশিউর রহমান নান্নু, ডা. ফারুক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *