সোমবার, মার্চ ১৬

খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী)

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট বিএনপি নেতা এস এম মনিরুল হাসান (বাপ্পী)। রবিবার (১৫ মার্চ) সরকারের এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হলে খুলনা জেলার দায়িত্ব পান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী) দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। খুলনা জেলা রাজনীতিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। নির্বাচনে আবুল কালাম আজাদ বিজয়ী হন।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে তিনি কাজ করবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে। একই দিনে খুলনাসহ দেশের মোট ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *