
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা জেলা আইনজীবী সমিতির নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন সাধারণ আইনজীবীরা। তাদের প্রত্যাশা—কথার চেয়ে কাজে প্রমাণ দেবে নবনির্বাচিত কমিটি।
আদালতপাড়ায় কথা বলে জানা যায়, দীর্ঘদিনের কিছু সমস্যার দ্রুত সমাধান চান আইনজীবীরা। বিশেষ করে বার ভবনের অবকাঠামোগত উন্নয়ন, লাইব্রেরিতে আধুনিক সুবিধা এবং মামলা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিত করার দাবি উঠে এসেছে।
সমিতি’র নবীন আইনজীবী মোঃ কাজল বলেন, “সিনিয়রদের সঙ্গে কাজের সুযোগ বাড়লে শেখার সুযোগও বাড়বে। অনেক সময় গাইডলাইন না থাকায় সমস্যায় পড়তে হয়।”
অপরদিকে শেখ মোঃ নাসিম নামে এক প্রবীণ আইনজীবীর ভাষ্য, “সমিতির ভেতরে সমন্বয় বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাইকে নিয়ে কাজ করতে পারলেই এই জয় অর্থবহ হবে।”
আইনজীবীদের একটি অংশ মনে করছেন, এককভাবে একটি প্যানেলের পূর্ণ জয় ভবিষ্যৎ কাজের জন্য যেমন সুযোগ তৈরি করেছে, তেমনি দায়িত্বও বাড়িয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের চাপও থাকবে নতুন নেতৃত্বের ওপর।
এদিকে নবনির্বাচিত সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ জানিয়েছেন, আইনজীবীদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানোই তাদের অগ্রাধিকার। পাশাপাশি সমিতির প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন তিনি।
সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান নান্নু বলেন, নবীন ও প্রবীণ আইনজীবীদের মধ্যে সমন্বয় বাড়ানো, লাইব্রেরি ও বার ভবনের সুবিধা উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। “সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগোতে চাই,” যোগ করেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন নেতৃত্বের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হবে প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সব পক্ষকে সম্পৃক্ত রেখে সমিতির কার্যক্রম এগিয়ে নেওয়া।
