
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
উৎসবমুখর পরিবেশে চলছে খুলনা জেলা আইনজীবী সমিতি-এর বার্ষিক নির্বাচন। রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আদালতপাড়ায় ভিড় বাড়তে থাকে। আইনজীবীদের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ফিরে আসে পুরো এলাকায়। ভোটারদের উৎসাহ দিতে বিভিন্ন প্যানেলের সমর্থক ও রাজনৈতিক নেতাদেরও কেন্দ্রের আশপাশে সক্রিয় থাকতে দেখা যায়।
দুপুরের দিকে আদালত এলাকা ঘুরে দেখা যায়, মূল সড়কে বাঁশের ব্যারিকেড বসিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। শুধু আইনজীবীদের চলাচলের সুযোগ রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। রাস্তার দু’পাশে প্রার্থীদের সমর্থকদের জন্য অস্থায়ী টেন্ট স্থাপন করা হয়েছে। ফেস্টুন ও পোস্টারে পুরো এলাকা হয়ে উঠেছে নির্বাচনী রঙে রঙিন।
আইনজীবী রফিকুল ইসলাম জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ চলছে এবং সকাল ১১টার পর থেকে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সব পক্ষের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবঘন পরিবেশেই ভোটগ্রহণ চলছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে একাধিক প্যানেল। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এবং সম্মিলিত পরিষদের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। পাশাপাশি বিএনপির বিদ্রোহী ‘সততায় অঙ্গীকারবদ্ধ’ প্যানেলও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।
প্রার্থী তালিকায় সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ এবং সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিয়ুর রহমান নান্নু রয়েছেন। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী মো. আবুল খায়ের ও সাধারণ সম্পাদক প্রার্থী শেখ জাকিরুল ইসলাম জাকির প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মিলিত পরিষদের পক্ষে সভাপতি পদে মো. বাচ্চু মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. সফিউল আলম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
অন্যদিকে ‘সততায় অঙ্গীকারবদ্ধ’ প্যানেল থেকে সভাপতি পদে বেগম আক্তার জাহান রুকু এবং সাধারণ সম্পাদক পদে নিহিত কামিত ঘোষ লড়ছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ফলাফল জানতে এখন অপেক্ষা ভোট গণনা শেষ হওয়ার।
