মঙ্গলবার, এপ্রিল ১৪

​‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| ​নিজস্ব প্রতিবেদক ||

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে। নির্বাচনের আগে দেওয়া অন্যতম প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যার সুফল ইতিমধ্যে ভোগ করছেন ১২ লাখ কৃষক।

​মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

​এর আগে এদিন সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলে পৌঁছান প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজ হাতে ১৫ জন কৃষকের মাঝে কার্ড ও গাছের চারা তুলে দেন। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আরও ৯টি উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন তিনি।

​বক্তব্যে প্রধানমন্ত্রী কৃষিনির্ভর এলাকায় কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।” এ লক্ষ্যে গতকালই কৃষিপণ্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশি-বিদেশি অনেক বিনিয়োগকারী কোল্ডস্টোরেজ বা হিমাগার তৈরিতে আগ্রহ দেখিয়েছেন এবং সরকার এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

​কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *