বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬

কুষ্টিয়ায় ইবি তালাবার তালিম-তারবিয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

পবিত্র রমজান মাস উপলক্ষে ‘তালিম-তারবিয়াত ও ইফতার মাহফিল ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৮ম রমজানে কুষ্টিয়ার নারিকেল তলাস্থ দিগন্ত মিলনায়তনে শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

শাখা সেক্রেটারি এস এম শামীম ও সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বরেণ্য শিক্ষক ও মাদ্রাসার শিক্ষাবিদগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম মাওলা ও অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ আল মাহদী, আস-সিরাহ আন-নববিয়্যাহ বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শফিকুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম এবং চারুকলা বিভাগের চেয়ারম্যান ড. কামরুল হাসান, কুষ্টিয়া আফসার উদ্দিন মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রেজওয়ানুল করিম। এছাড়াও তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম সায়েম, আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সেক্রেটারি সাজ্জাতুল্লাহ শেখসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা বলেন, রমজান কেবল সংযমের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাস।

এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ ও গবেষণাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তালাবায়ে আরাবিয়া নিরলসভাবে কাজ করে যাবে।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *