
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
‘কালের নতুন সংবাদ’ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাজিতপুর উপজেলা বিএনপি নেতা বুরহানের বিরুদ্ধে। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ প্রকাশের জের ধরে গত রাত ১১টা ১৬ মিনিটে এই হুমকির ঘটনা ঘটে বলে সাংবাদিক মহল থেকে জানা গেছে।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)। সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের কলম স্তব্ধ করা যাবে না। তারা অবিলম্বে অভিযুক্ত বিএনপি নেতা বুরহানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে সাংবাদিক সমাজ তিন দফা দাবি উত্থাপন করেছে—আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বুরহানের গ্রেফতার, সাংবাদিক খায়রুল ইসলামের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাইবার আইনে মামলা রুজু করে দ্রুত বিচার সম্পন্ন করা। দাবি আদায় না হলে জেলার সব সাংবাদিকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা কমিটি।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন। স্থানীয় সাংবাদিকরা মনে করছেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর এ ধরনের হুমকি ও হামলা স্বাধীন সাংবাদিকতা এবং গণতন্ত্রের জন্য এক বড় হুমকিস্বরূপ।
