বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬

উত্তরায় ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিলে মুমিনদের আত্মশুদ্ধির আহ্বান

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

“মুমিন জীবনে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল আয়োজন করেছে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মহানগরীর অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মহিব্বুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, “রমজান কেবল উপবাস থাকার নাম নয়, বরং এটি মুমিনের জীবনে আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। বর্তমান সময়ে সমাজে যে নৈতিক অবক্ষয় ও অরাজকতা চলছে, তা থেকে মুক্তি পেতে রমজানের শিক্ষাকে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “একজন প্রকৃত মুমিন রমজানের প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে ইনসাফ কায়েমের যোগ্য হিসেবে গড়ে তুলবে এবং যেকোনো জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। আমাদের শপথ নিতে হবে যে, রমজান শেষেও যেন আমরা تقوى (তাকওয়া) বা খোদাভীতির এই ধারা অব্যাহত রাখতে পারি।”

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফারুক আহমাদ এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তরের নায়েবে আমীর মাওলানা মো. ওয়ালী উল্লাহ ফরাজী, কবি মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ, মুফতি মাওলানা মিজানুর রহমান আসলামী, দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু তোহা মুহাম্মদ নুরুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ঢাকা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা মো. শহীদুল ইসলাম। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *