রবিবার, মার্চ ১৫

ঈদে মহাসড়কের তেলের পাম্প ২৪ ঘণ্টা খোলা থাকবে; সড়ক পরিবহনমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়কের জ্বালানি তেলের পাম্পগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন এই নিয়ম কার্যকর থাকবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি আশ্বস্ত করেন যে, গণপরিবহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে এবং আজ থেকেই তা কার্যকর হতে শুরু করেছে।

মন্ত্রী জানান, জ্বালানি সংকটের অজুহাতে কোনো পরিবহন মালিক যেন অগ্রিম টিকিট ফেরত দিতে না পারেন বা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সংস্কার কাজ চলা সড়কগুলো চলাচলের উপযোগী করা হয়েছে এবং নির্মাণাধীন স্থানে অন্তত একটি লেন চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের ঈদযাত্রায় সম্ভাব্য যানজটের ২৬০টি স্পট চিহ্নিত করে সেখানে পুলিশ, বিআরটিএ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিবহন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে শেখ রবিউল আলম বলেন, বাসগুলো নির্ধারিত শিডিউল ও ভাড়ায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। একই সাথে রেল যোগাযোগ নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। বিদ্যমান কোচ ও জনবল দিয়ে ট্রেন চলাচল সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা চলছে বলে তিনি জানান। যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এবারের ঈদে একটি স্বস্তিদায়ক এবং জনবান্ধব যাত্রা উপহার দেওয়া সম্ভব হবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *