
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক আলোচনা সভা আয়োজিত হয়। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআনের সূরা যুখরুফের ৫৭ থেকে ৭০ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা। দারস পেশকালে তিনি বলেন, সূরা যুখরুফের এই আয়াতগুলোতে আল্লাহ তায়ালা পরকালীন সফলতা ও মুমিনদের পারস্পরিক বন্ধুত্বের গুরুত্ব বর্ণনা করেছেন।
মাওলানা মুহিব্বুল্লাহ ভূঁঞা উল্লেখ করেন, দুনিয়ার সব বন্ধুত্ব ও সম্পর্ক পরকালে শত্রুতায় রূপান্তরিত হবে, কেবল তাকওয়া বা খোদাভীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্কগুলোই টিকে থাকবে। তাই ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে আল্লাহর বিধান মানার মাধ্যমে নিজেদের চরিত্র গঠন করার আহ্বান জানান তিনি।
উক্ত দারসুল কুরআন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ।
এছাড়া ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক এফ এম আলী হায়দার এবং অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
