
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পাল্টা জবাবে ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে এই হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ভবনটিতে আঘাত হানে। কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টার পর উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ বাকি দুইজনকে উদ্ধারে বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তেল আবিব অঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর তথ্যমতে, পরমাণু কেন্দ্রে হামলার প্রতিবাদে ইসরায়েলের বিভিন্ন স্থানে অন্তত আট দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় মধ্য ইসরায়েল, হাইফা এবং তেল আবিব শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরানের এই বিধ্বংসী পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করল বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড উদ্ধার তৎপরতা ও নিরাপত্তা জোরদার করেছে।
সূত্র : টাইমস অব ইসরায়েল।
