
|| আন্তর্জাতিক ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও উসকে দিয়ে রাজধানী তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করেছে দেশটির সরকারপন্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তেহরানের প্রধান চত্বরগুলোতে ‘গদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ‘খোররামশাহর-৪’ এর মতো বিধ্বংসী অস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা হয়। এসময় সমাবেশে অংশগ্রহণকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দেন এবং ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে হামলার জোরালো আহ্বান জানান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা গেছে, সাধারণ মানুষের চলাচলস্থল ও আবাসিক এলাকা সংলগ্ন চত্বরগুলোতে এসব ক্ষেপণাস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। তেহরানের পাশাপাশি দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক নগরী শিরাজ, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং পশ্চিম-কেন্দ্রীয় প্রদেশ জাঞ্জানেও একই ধরনের সামরিক শক্তির মহড়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসব সমাবেশে সাধারণ মানুষের পাশাপাশি ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভির প্রশংসা করে বিক্ষোভকারীরা আঞ্চলিক আধিপত্য বজায় রাখার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে প্রতিদিনই এ ধরনের সরকারপন্থী সমাবেশ ও সমরাস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
