মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪

ইরানে আর্মি হেলিকপ্টার বিধ্বস্ত: দুই পাইলটসহ চারজন নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জনাকীর্ণ ফলের বাজারে বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রদেশের দরচেহ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে এটি দ্বিতীয় সামরিক বিমান দুর্ঘটনার ঘটনা। খবর: আল জাজিরার।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ওপর আছড়ে পড়ে এবং সাথে সাথে সেটিতে আগুন ধরে যায়।

ইসফাহান এলাকায় সেনাবাহিনীর একটি বড় বিমানঘাঁটি রয়েছে। আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টার এক বিবৃতিতে নিহত দুই সেনাসদস্যকে কর্নেল হামিদ সারভাজাদ এবং কো-পাইলট মেজর মোজতবা কিয়ানি হিসেবে শনাক্ত করেছে। এছাড়া বাজারে কাজ করার সময় হেলিকপ্টারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী প্রাণ হারান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং জরুরি উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

স্থানীয় বিচার বিভাগীয় প্রধান আসাদুল্লাহ জাফারি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি ইরানে দ্বিতীয় বিমান দুর্ঘটনা। এর আগে হামাদান প্রদেশে একটি প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়া মার্কিন নির্মিত পুরনো মডেলের এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছিলেন। দশকের পর দশক ধরে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে ইরান তাদের পুরনো সামরিক ও বেসামরিক আকাশযানগুলো আধুনিকায়ন করতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও রাশিয়া থেকে উন্নত সু-৩৫ যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে তেহরান, তবে সেগুলো এখনো হস্তগত হয়নি।

এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল যখন পরমাণু কর্মসূচি নিয়ে আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্বশক্তির সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। একদিকে আলোচনার তোড়জোড়, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির ফলে ওই অঞ্চলে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *