
|| আন্তর্জাতিক ডেস্ক ||
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দৃষ্টিশক্তি উন্নত হওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের গঠিত মেডিকেল বোর্ডের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তার পরিবার। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইমরান খানের বোন আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অনাস্থার কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি বোর্ডের এই প্রতিবেদনটি পরিবারের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খবর: আল জাজিরার।
সম্প্রতি সরকার নিযুক্ত একটি মেডিকেল বোর্ড ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে দাবি করে যে, তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়েক সপ্তাহ আগের তুলনায় তার ডান চোখের দৃষ্টিশক্তি ৬/৩৬ থেকে উন্নত হয়ে এখন ৬/৯ এ দাঁড়িয়েছে। এমনকি ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ড. আসিম ইউসুফের সাথেও এ বিষয়ে বোর্ডের চিকিৎসকরা কথা বলেছেন বলে জানানো হয়।
ড. আসিম একটি ভিডিও বার্তায় জানান, বোর্ডের চিকিৎসকরা তাকে ইতিবাচক অগ্রগতির কথা শুনিয়েছেন, তবে তিনি নিজে ইমরান খানকে সরাসরি দেখার সুযোগ না পাওয়ায় এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারছেন না।
ইমরান খানের বোন আলিমা খান এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের কোনো প্রতিনিধির অনুপস্থিতিতে সরকারি চিকিৎসকদের দেওয়া যেকোনো রিপোর্ট তারা প্রত্যাখ্যান করছেন। তিনি অভিযোগ করেন, সরকার বারবার তাদের বিভ্রান্ত করছে এবং ইমরান খানের প্রকৃত শারীরিক অবস্থা আড়াল করার চেষ্টা চালাচ্ছে।
এর আগে আদালতের এক প্রতিনিধি জানিয়েছিলেন যে, ইমরান খান তার ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এই বিপরীতমুখী তথ্যের কারণে পিটিআই এবং ইমরান খানের সমর্থকদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।
বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি ৭৩ বছর বয়সী এই নেতার যথাযথ চিকিৎসার জন্য তাকে অবিলম্বে ইসলামাবাদের শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছে তার পরিবার।
