
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেরব হোসেন অপি এবং সাধারণ সম্পাদক হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যায়েদ বিন ওসমান মনোনীত হয়েছেন।
বুধবার (১ জুলাই) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সরাসরি তত্ত্বাবধানে এ নতুন কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এবং চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রায়হান উদ্দিন ফকির। উপদেষ্টামণ্ডলী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবনির্বাচিত নেতৃত্বকে আহ্বান জানিয়েছেন।
নবনিযুক্ত সভাপতি মেহেরব হোসেন অপি সকলের সহযোগিতা কামনা করে বলেন, “আমি বিশ্বাস করি, ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক সম্মান এবং দলগত প্রচেষ্টাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতায় ইনশাআল্লাহ ইসলামি বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক যায়েদ বিন ওসমান অনুভূতি ব্যক্ত করে বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের সেক্রেটারি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়, এটি একটি বড় আমানত। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সততা, নিষ্ঠা, স্বচ্ছতা এবং দলগত মনোভাব নিয়ে ক্লাবের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও জানান, ক্যাম্পাসে ক্রিকেটের মানোন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে একটি শক্তিশালী ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
