শনিবার, ফেব্রুয়ারি ৭

ইউআইটিএসের ইংরেজি বিভাগে প্রফেসর ড. সলিমুল্লাহ খানের বিশেষ সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে “Postcolonial Theory in the Aftermath of Postcolonialism: Reconsidering the Role of English Departments Today” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।

সেমিনারে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত থেকে পোস্টকলোনিয়াল তত্ত্বের বর্তমান প্রাসঙ্গিকতা ও ইংরেজি বিভাগগুলোর নতুন ভূমিকা নিয়ে তাত্ত্বিক আলোচনা করেন বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক প্রফেসর ড. সলিমুল্লাহ খান।

বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. ফিরোজ আল মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং ড. অমল চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ কামরুল হাসান এবং মূল বক্তার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করেন ইংরেজি বিভাগের প্রভাষক আফসানা আফরোজ মুন।

প্রফেসর ড. সলিমুল্লাহ খান তাঁর মূল প্রবন্ধে পোস্টকলোনিয়াল পরবর্তী সময়ে ইংরেজি বিভাগগুলোর একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক দায়বদ্ধতা নতুন করে মূল্যায়নের তাগিদ দেন। তিনি সাহিত্য, রাজনীতি ও জ্ঞান উৎপাদনের সমসাময়িক প্রেক্ষাপট বিশ্লেষণ করে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং প্রশ্নোত্তর পর্বে মূল বক্তার সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা জনাব শুভ দাসের সঞ্চালনায় সমাপনী বক্তব্যে ড. ফিরোজ আল মামুন খান প্রধান অতিথি ও মূল বক্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেমিনারটি সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের উচ্চতর বুদ্ধিবৃত্তিক আলোচনা শিক্ষার্থীদের একাডেমিক ও মননশীল বিকাশে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *