
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “ইউআইইউ মেরিনার” দল মেট রোভ কম্পিটিশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৬ -এর জন্য নির্বাচিত হয়েছে, যা আগামী ২৫-২৭ জুন ২০২৬ কানাডার নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের মেমোরিয়াল ইউনিভার্সিটির ফিশারিজ অ্যান্ড মেরিন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এটি মেরিন রোবোটিক্সের সেক্টরের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা।
ইউআইইউ মেরিনার এ বছর তাদের রোভ’র নাম দিয়েছে ‘ক্র্যাকেন’। অত্যাধুনিক এই রোভটি পানির নিচে চারদিকে চলাচল করতে সক্ষম। পাশাপাশি এটি নির্ভুলভাবে পানির দূরত্ব ও গভীরতা পরিমাপ করতে পারে এবং পানির নিচ থেকে সরাসরি লাইভ ছবি ও ভিডিও পাঠাতে সক্ষম। দলটির বিশ্বাস, ‘ক্রাকেন’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বছর যাত্রা শুরু করা ইউআইইউ মেরিনার অল্প সময়ের মধ্যেই নিজেদের দক্ষতা ও সক্ষমতার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে। আর সেই ধারাবাহিকতায় দলটি এখন মেট রোভ ২০২৬ আন্তর্জাতিক প্রতিযোগিতার সবচেয়ে উন্নত স্তর ‘এক্সপ্লোরার ক্লাস’-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এর মাধ্যমে ইউআইইউ মেরিনার বাংলাদেশের প্রথম দল হিসেবে এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার গৌরব অর্জন করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
“ইউআইইউ মেরিনার” দলের লিড ইফতেখারুল ইসলাম এবং প্রকল্প ব্যবস্থাপক হিসাবে আছেন সাদিক হোসেন। দলটির সরাসরি তত্ত্বাবধানে আছেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মুজাহিদুল ইসলাম এবং মেন্টর হিসাবে আছেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফাহিম হাফিজ এবং প্রভাষক শেখ মো: সাইফুর রহমান।
চলতি বছর জুন মাসে ইউআইইউ মেরিনার দলটি বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটির ফিশারিজ অ্যান্ড মেরিন ইনস্টিটিউটে যাবে। ইউআইইউ কর্তৃপক্ষের অনুপ্রেরণা দলের সকলকে মানসিক শক্তি যোগানোর পাশাপাশি প্রতিযোগীতায় সেরাটা প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য যে, বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় দল হিসাবে ‘ইউআইইউ মেরিনার’ যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর পাইওনিয়ার ক্লাসে এশিয়ায় প্রথম স্থান এবং বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছিলো। এছাড়াও দলটি টেকনিক্যাল ডকুমেন্টেশনে চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি লাভ করেছিলো।
