বৃহস্পতিবার, মে ২১

ইআবি’র নবনিযুক্ত ট্রেজারার শাহীনুল ইসলাম

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগদান করেছেন জনাব শাহীনুল ইসলাম, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত)| শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে তিনি বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন|

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনাব শাহীনুল ইসলাম, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) কে আগামী চার বছরের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়েছে| বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন এবং বেতন ও অন্যান্য প্রাপ্য সুবিধা গ্রহণ করবেন|

নবনিযুক্ত ট্রেজারার দায়িত্ব গ্রহণকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর তাকে খান স্বাগতম জানান| এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক, অধ্যাপক মো: নওসের আলী, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো: জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন|

জনাব শাহীনুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা| দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন| কর্মজীবনের শুরুতে তিনি মাঠপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন| এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন| শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন| পাশাপাশি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন| ব্যক্তিজীবনে তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *