মঙ্গলবার, জুন ২৩

আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

|| স্পোর্টস ডেস্ক ||

টানা দুই দাপুটে জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আগেই শেষ বত্রিশের টিকিট কাটা আলবিসেলেস্তেরা আজ সকালে জর্ডান ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও আত্মপ্রকাশ করেছে। গ্রুপ সেরা হওয়ায় নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে যাচ্ছে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল।

এদিকে আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা, যা বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে। অধিনায়ক লিওনেল মেসি ও মিডফিল্ডার রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সাবেক হোম ভেন্যু হওয়ায় এই মাঠটি আর্জেন্টিনার জন্য বেশ চেনা ও ঘরের মাঠের মতোই সুবিধাজনক হবে।

তবে নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে, তা জানতে আরও কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। ‘এইচ’ গ্রুপে থাকা স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরবের মধ্য থেকেই নির্ধারিত হবে মেসিদের পরবর্তী প্রতিপক্ষ। গ্রুপটির শেষ রাউন্ডে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে মুখোমুখি লড়াইয়ে নামবে এবং অন্য ম্যাচে সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে; আর এই দুই ম্যাচের ফলাফলের ওপরই চূড়ান্তভাবে নির্ভর করছে নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *