শনিবার, মার্চ ৭

আরিচায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ৫

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিসি কাউন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় একটি দোকান এবং বিআইডব্লিউটিসি’র কাউন্টার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বোয়ালী ডাক্তারখানা এলাকার মো. আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। টার্মিনালের বাউন্ডারি এরিয়ার ভেতরে রাখা ওই কম্প্রেসার মেশিনটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা ছয়জন ব্যক্তি গুরুতর আহত হন।

আহতরা হলেন— মোহাম্মদ আলী (৫০), সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মন্ডল (৩০), মো. মাসুদ (৪৫), রওশোনারা বেগম (৫৫) এবং জাহাঙ্গীর শিকদার (৪৫)।

আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের মধ্যে মোহাম্মদ আলীর একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কম্প্রেসার মেশিন বিস্ফোরণে আহত মোহাম্মদ আলী ঢাকায় মারা গেছেন বলে তার ভাই নিশ্চিত করেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *