
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
রাষ্ট্রপতির ভাষণের পর তিনদিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় পুনরায় শুরু হচ্ছে। এর আগে গত ১২ মার্চ নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন আজকের দিন পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে আরও জানানো হয়েছে, আজকের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। গতকাল শনিবার অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। সরকারি ছুটির দিনগুলো ব্যতিরেকে প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসার কথা থাকলেও আজ তা বেলা ১১টায় শুরু হচ্ছে।
সংসদীয় কার্যক্রমের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি মোতাবেক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে ২৭টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং ৯৭টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ জমা পড়েছে। সংসদীয় এই অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
