শনিবার, ফেব্রুয়ারি ৭

আগামীর বাংলাদেশ গঠনে ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধান তথ্য অফিসার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের গুপ্তমারী গ্রামে এ সভা আয়োজন করা হয়।

গুপ্তমারী গ্রামের সাবেক প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার রায়ের বাড়ির উঠানে আয়োজিত এ সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামূল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এবারের জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী সময়ে যারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি, বিশেষ করে নতুন ও নারী ভোটাররা এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনের মাধ্যমে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। ভোটের দিনে শুধু নিজে নয়, পরিবারের সদস্য ও আশপাশের মানুষকেও ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা বলেন, ভোটই একজন নাগরিকের সবচেয়ে বড় শক্তি। সচেতনভাবে ভোট প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্র ও সমাজের কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এবারের নির্বাচন জনআকাঙ্ক্ষা পূরণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেও তারা উল্লেখ করেন। ভোটদানে সঠিক সিদ্ধান্ত নিতে এবং অন্যদের উদ্বুদ্ধ করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আযম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ লুৎফর রহমান প্রধান, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রমজান আলী, ফাতেমা তুজ জোহরা, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মণ্ডল, গুপ্তমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র গাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় এলাকার নারী ও পুরুষ ভোটাররা অংশগ্রহণ করেন। সভা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে তথ্যভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *